লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ আনার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গুলিতে নিহত দুই বাংলাদেশি—মোসলেহ উদ্দিন ও আরিফুল করিমের লাশ দেশে ফেরত আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
নিহত মোসলেহ উদ্দিনের পরিবারের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের গুলিতে ওই দুজন নিহত হন। ইউএনবির প্রতিবেদনে বলা হয়, আল-কুফরা শহরে গত মঙ্গলবার বিবদমান দুটি মিলিশিয়া গ্রুপের মধ্যে গোলাগুলির সময় তাঁরা নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই বাংলাদেশি আহত হন। নিহত দুজনের লাশ আল-কুফরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ইউএনবি জানায়, নিহত মোসলেহ উদ্দিন হবিগঞ্জ জেলার শিকলপুর গ্রামের আবদুল বাসেতের ছেলে। আর আরিফুল বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভুতের দিয়া গ্রামের আবুল কালামের ছেলে।