লিবিয়ায় বাংলাদেশিসহ নয় শ্রমিক আইএসের হাতে অপহৃত
লিবিয়ার একটি তেলক্ষেত্র থেকে আইএস জঙ্গিরা একজন বাংলাদেশিসহ মোট নয়জন বিদেশি শ্রমিককে অপহরণ করেছে। লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সিরত শহরের আল-ঘানি তেলক্ষেত্রে ৬ মার্চ এ ঘটনা ঘটে। এ সময় জঙ্গিদের হামলায় তেলক্ষেত্রটির ১১ জন নিরাপত্তারক্ষী নিহত হন। খবর বাসসের।
ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত বাংলাদেশি শ্রমিকের নাম হেলাল উদ্দিন। বাড়ি জামালপুরে। তাঁর পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অপহৃত হেলালকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে সে দেশের জাতীয় তেল কোম্পানি এবং বিদেশি শ্রমিক অপহরণের ঘটনাস্থলের সংশ্লিষ্ট কোম্পানি ভিএওএসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হেলালকে উদ্ধার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
এদিকে জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, হেলালের (৪০) বাড়ি মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে। তাঁকে অপহরণের খবর পেয়ে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা গেছে, হেলাল ২০০৯ সালে লিবিয়ার দক্ষিণাঞ্চলের সিরতে শহরে রাজমিস্ত্রির কাজ করতে যান। গত বছরের মার্চে ছুটিতে দেশের বাড়ি এসেছিলেন। গ্রামের বাড়িতে দুই মাস থাকার পর আবারও তিনি লিবিয়ায় যান।
হেলালের স্ত্রী আলেয়া বেগম বলেন, ছয় দিন আগে তাঁর স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। তাঁর স্বামীকে ফেরত পেতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।