লিবিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রীর বাসভবনে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। নিরাপত্তাহীনতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে লিবিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

ব্যবসায়ী আহমেদ মিতিগ এ মাসে জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) কর্তৃক দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

মিতিগের একজন সহযোগী বলেন, গতকাল স্থানীয় সময় রাত তিনটার দিকে হামলাকারীরা ত্রিপোলিতে প্রধানমন্ত্রীর বাসভবর লক্ষ্য করে রকেট ও গুলি ছোড়ে। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে তাঁরা অক্ষত আছেন।

হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে নিরাপত্তাকর্মীরা। এরপর সেখান থেকে আহত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশজুড়ে মিলিশিয়াদের হামলার কারণে যুক্তরাষ্ট্র লিবিয়ায় থাকা মার্কিন নাগরিকদের জন্য  ভ্রমণে সতর্কতা জারি করেছে।

ভ্রমণ-সতর্কতায় বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিতে মার্কিন দূতাবাসে কর্মীর সংখ্যা কমিয়ে আনছে এবং লিবিয়ায় থাকা মার্কিন নাগরিকদের সীমিত আকারে জরুরি সেবা দিতে পারবে।