লিবিয়া ও মালদ্বীপে আরও জনশক্তি রপ্তানি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান লিবিয়ায় আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি এবং মালদ্বীপে বাংলাদেশের তৈরি জাহাজ ও জাহাজ নির্মাণ-সংশ্লিষ্ট জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান এবং মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আওয়াল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রপতি এ বি এম নুরুজ্জামানকে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে—বাংলাদেশ থেকে এমন চিকিৎসক, শিক্ষক ও নার্সদের লিবিয়ায় পাঠানোর ব্যবস্থা করার পরামর্শ দেন। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির বর্তমান বাধা অপসারণ করে সে দেশে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও তাঁকে নির্দেশ দেন। তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে লিবিয়ায় জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।অন্যদিকে, মালদ্বীপে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এ এস এম এ আওয়াল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাঁকে সে দেশে বাংলাদেশের তৈরি জাহাজ এবং জাহাজ নির্মাণশ্রমিক রপ্তানি করার বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। ৪৫ হাজার বাংলাদেশি বর্তমানে মালদ্বীপে কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁকে সেখানে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করতে নির্দেশ দেন। বিশেষ করে, সেখানে নতুন প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষক নিয়োগের বিষয়ে তাঁকে কূটনৈতিক চেষ্টা চালানোরও নির্দেশ দেন। উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরবিনিময় দুই দেশের মধ্যে বাণিজ্যের সুযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।এ এস এম এ আওয়াল মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা চালাবেন বলে রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন। বাসস ও ইউএনবি।