লিবিয়া ও মিসরে নিযুক্ত দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ
সরকার লিবিয়া ও মিশরে নিযুক্ত দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। আফ্রিকা মহাদেশের দেশ দুইটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লিবিয়া ও মিসরে থাকা দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়ে সরকার সম্প্রতি চিঠি পাঠিয়েছে।নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রেষণে লিবিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। লিবিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গত কয়েক মাস ধরে বেশ কিছু অনিয়মের সৃষ্টি হয়। তিনি সেসব অনিয়ম দূর করতে না পারায় সরকার তাঁর ওপর অসন্তুষ্ট হয়।অন্যদিকে পেশাদার কূটনীতিক আশরাফ উদ্দিন বর্তমান সরকারের আমলে মিসরের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে কিছু অভিযোগ ওঠায় সরকার তাঁর ওপর অসন্তুষ্ট হয় বলে জানা গেছে।