লিবিয়া থেকে ফিরে এলেন আরও ২৭০০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় কর্মরত প্রায় দুই হাজার ৭০০ বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় গতকাল রোববার আলাদা ১০টি ফ্লাইটে তিউনিসিয়া ও মিসর হয়ে দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ বিমানের নিজস্ব একটি ফ্লাইটে এসেছেন ২৯৭ জন। লিবিয়ায় গোলযোগ শুরুর পর থেকে এই প্রথম বিমান দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের তাদের ফ্লাইটে ফিরিয়ে এনেছে। বিমানের প্রথম ফ্লাইটে বাংলাদেশিদের দেশে আনার প্রক্রিয়া সরেজমিনে দেখতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার সকালে মিসরের আলেকজান্দ্রিয়ার ডরজেল বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর তিনি আটকে পড়া বাংলাদেশিদের খোঁজ নিতে সালুম সীমান্তে যান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিসরের সালুম সীমান্ত থেকে গতকাল ঢাকায় ফিরে আসা ২৯৭ জনকে আইওএম বাসে করে ডরজেল বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল। গতকাল আইওএম নয়টি বিমানে দুই হাজার ৩৮৪ জন বাংলাদেশিকে ঢাকা এনেছে। ১ মার্চ থেকে গতকাল পর্যন্ত ১৬ হাজার ৯৫৪ জন দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১০ হাজার ১৫৯ জন আইওএমের সহায়তায় এবং অন্য তিন হাজার ৩৪৯ জন নিজের কিংবা মালিকের খরচে দেশে এসেছেন। মিসরে পররাষ্ট্রমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সকালে আলেকজান্দ্রিয়ার ডরজেল আরব বিমানবন্দরে দেশের উদ্দেশে যাত্রা করা বাংলাদেশিদের বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি সড়কপথে মিসরের সালুম সীমান্তে যান। দীপু মনি সেখানে বিভিন্ন অস্থায়ী শিবিরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেন এবং যত দ্রুত সম্ভব তাঁদের দেশে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণুবিভাগের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব জিষ্ণু রায় চৌধুরী। অপেক্ষায় ১৫ হাজার: মিসর ও তিউনিসিয়ায় এখন ১৫ হাজার ৮০৭ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছেন। তাঁদের মধ্যে তিউনিসিয়ায় আইওএমের কাছে নিবন্ধিত হয়েছেন ১২ হাজার ১০৩ জন এবং মিসরে নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৭০৪ জন। ২১ মার্চের মধ্যেই তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। জানতে চাইলে আইওএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, তাতে ২২ মার্চের আগেই সীমান্ত থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কাজটি শেষ হবে। এর মধ্যে মিসর থেকে বাংলাদেশিদের শেষ দলটি আসবে ১৬ মার্চ।