লিবিয়া থেকে সকল বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সময় লাগবে
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংঘাতময় লিবিয়া থেকে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ জন বাংলাদেশি ফিরছেন। তবে সবাইকে দেশে ফিরিয়ে আনতে বেশ সময় লাগবে। উড়োজাহাজের যাত্রী পরিবহনের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০-এর বেশি লোককে দেশে আনা যাচ্ছে না।জাতীয় সংসদে গতকাল রোববার অপু উকিলের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে বেলা সাড়ে চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।শ্রমমন্ত্রী জানান, লিবিয়ায় ২৭ হাজার বাংলাদেশি কর্মী নিয়োজিত ছিলেন। সংঘাতময় পরিস্থিতিতে এসব বাংলাদেশির মধ্যে ১৭ হাজার তিউনিসিয়ায় ও ১০ হাজার মিসরে অবস্থান করছেন। তিনি বলেন, এসব কর্মীর মধ্যে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকে আসছেন। যাঁদের এ ব্যবস্থা (নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে) নেই, তাঁদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, লিবিয়া-পরিস্থিতি উন্নত হলে লিবিয়া-ফেরত কর্মীরা আবার ওই দেশে ফিরতে পারবেন। লিবিয়া-ফেরত বাংলাদেশিদের তালিকা করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ এলে তাঁরা অগ্রাধিকার পাবেন।নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে: তারানা হালিমের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, মধ্যপ্রাচ্যে আন্দোলনের যে ঢেউ এসেছে, তাতে ওই অঞ্চলে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক। এতে বাংলাদেশও প্রভাবিত হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে লোক পাঠাতে পারি বা না পারি, অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে। বিশেষ করে আফ্রিকা, পাপুয়া নিউগিনি, রাশিয়া, ইউরোপ ও নিউজিল্যান্ডে লোক পাঠানোর চেষ্টা চলছে।সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থান বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।৭২ হাজার দালানকোঠা ভেঙে পড়ার আশঙ্কা: শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৭২ হাজার দালানকোঠা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন দালানকোঠা ও অন্যান্য কাঠামোসংবলিত ডিজিটাল জিআইএস ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যথাক্রমে ১০ হাজার, ছয় হাজার ও তিন হাজার ভবনের ঝুঁকি নিরূপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই শহরগুলোর সব ভবনের ঝুঁকি নিরূপণ করা হবে। দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে তিনটি শহরে ১২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকের সংখ্যা আরও ৩০ হাজার বাড়ানো হবে। মন্ত্রী জানান, জনসচেতনতা গড়তে ২৮টি স্কুলে নিরাপত্তা মহড়ার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।মাল্টি-লেভেল মার্কেটিং আইনের খসড়া প্রণয়ন হয়েছে: এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে সহনীয় মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। দ্রব্যমূল্য কমিয়ে আনার চেষ্টা চলছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহু স্তর বিপণন (মাল্টি-লেভেল মার্কেটিং) (নিয়ন্ত্রণ) আইন, ২০১১’ নামে আইনের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে ৬২টি নিবন্ধিত মাল্টি-লেভেল মাকের্টিং কোম্পানি আছে। এর মধ্যে ডেসিটিনি-২০০০-এর গ্রাহক প্রায় ৪৫ লাখ বলে জানানো হয়েছে।কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছর টিসিবির মাধ্যমে দুই হাজার ৫০০ কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয়ভাবে কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।