লিবিয়ায় অবৈধভাবে লোক পাঠানো চক্রের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ও বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি জড়িত। অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে সদ্য গ্রেপ্তার হওয়া তিন লিবীয় নাগরিকের কাছ থেকে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার ওই লিবীয় নাগরিক ও তাঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এক তরুণীকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানো ও মুদ্রা পাচারের অভিযোগে গত মঙ্গলবার মধ্যরাতে গুলশানের লেকশোর হোটেলের দুটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন লিবীয় নাগরিক আমারা মাহমুদ আমারা (২৩), মাবরুক ফারাগ সেলিম (৪৪) ও সামির আহমেদ ওমর ফারাগ (৩৬) এবং বাংলাদেশের নাগরিক প্রিয়াঙ্কা জামান (২২)। তাঁদের কাছ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকা, লিবিয়ার কিছু দিনার, কাতারের রিয়ালসহ মোট এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের মালামাল জব্দ করা হয়। ডিবির উপকমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিবীয় নাগরিকদের কাছ থেকে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ও দেশের সাত-আটটি রিক্রুটিং এজেন্সির নাম পাওয়া গেছে। তাঁদের সঙ্গে দেশের দালাল শ্রেণীর বেশ কয়েকজন জড়িত। তদন্তের স্বার্থে প্রাপ্ত নামগুলো প্রকাশ করা যাচ্ছে না। প্রিয়াঙ্কার সম্পৃক্ততার ব্যাপারে ডিবি জানায়, তিনি সামিরের সঙ্গেই থাকতেন। তিনি ওই লিবীয় নাগরিকদের প্রতারণার কাজে সহায়তা করতেন। নজরুল ইসলাম আরও বলেন, এ পর্যন্ত তাঁরা কয়জনকে লিবিয়া পাঠিয়েছে সেই সংখ্যা জানা যায়নি। তবে গত ঈদুল ফিতরের আগে তাঁরা যাঁদের পাঠিয়েছিলেন, সবাই আবার দেশে ফিরে এসেছেন বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন। পুলিশ জানায়, লিবিয়ার তিন নাগরিক বাংলাদেশে অবস্থানের ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত তিনবার এ দেশে এসেছেন। সর্বশেষ এসেছেন ৫ অক্টোবর। তাঁরা প্রত্যেকে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক ভিসাও (অন অ্যারাইভাল ভিসা) নিয়েছেন। অভিযোগ রয়েছে, অভিবাসন কর্তৃপক্ষের কারও কারও যোগসাজশে তাঁরা এ ভিসা নিয়েছেন। জানতে চাইলে অভিবাসন শাখার দায়িত্বে থাকা বিশেষ পুলিশ সুপার (এসএস) নাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস আছে। তাই অন অ্যারাইভাল ভিসা পাওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’এ বিষয়ে জানতে অভিবাসনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই তিন নাগরিকের পাসপোর্ট নম্বরগুলো যাচাই করে বলেন, সামির ও আমারার অন অ্যারাইভার ভিসা নেওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে মাবরুকের অন অ্যারাইভাল ভিসার তথ্য তাঁদের কাছে আছে। লিবিয়ার কয়েকজন নাগরিক নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে মাবরুকের ওই ভিসাটি নিয়েছিল। এটা যাচাই-বাছাই না করাটা ছিল ভুল।