লিবিয়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সুষ্ঠুভাবে লিবিয়ায় জনশক্তি পাঠানোর জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। এতে লিবিয়া ও বাংলাদেশের তিনজন করে সদস্য আছেন। এ কমিটি পর্যায়ক্রমে তিন মাস পরপর ঢাকা ও লিবিয়ায় বৈঠক করবে।জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সস্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা। সংবাদ সম্মেলনে বায়রা সভাপতি বলেন, ইতিমধ্যে ৩০ হাজার বাংলাদেশি কর্মী লিবিয়ায় গেছেন। দেশটি বিদেশি কর্মী নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কিছু সমস্যার কারণে লিবিয়ায় কর্মী যাওয়া কমে গিয়েছিল। সমস্যা সমাধানে বায়রার প্রতিনিধি, বিএমইটির ডিজিসহ একটি প্রতিনিধিদল লিবিয়া সফর করে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সফরে লিবিয়া জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে আরও দক্ষ নির্মাণশ্রমিক, কৃষিকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিত্সক ও প্রকৌশলী নেবে। বায়রার সভাপতি জানান, বাংলাদেশ লিবিয়ায় নিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাবে। বাংলাদেশ ও লিবিয়া যৌথ মালিকানায় একটি কোম্পানি প্রতিষ্ঠা করবে এবং প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার কর্মী নিয়ে ছোট ও মধ্যম শ্রেণীর নিয়োগকর্তাদের প্রয়োজন অনুযায়ী কর্মী সরবারহ করবে। এ ছাড়া জালিয়াতি এড়াতে উভয় দেশের অভিবাসন পুলিশ সতর্ক থাকবে। বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে লিবিয়াকে পাঁঁচটি আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে দেবে।বায়রা সভাপতি বলেন, মন্দা কেটে যাচ্ছে, বাড়ছে কর্মীর চাহিদা। কাজেই ২০১০ সালে জনশক্তি রপ্তানি আরও বাড়বে। তবে এ জন্য জাল ভিসায় বিদেশে যাওয়ার বিষয়টি কঠোরভাবে দমন করতে হবে। অভিবাসন পুলিশের কার্যক্রমকে আরও সুষ্ঠু করতে হবে। দূতাবাসগুলোকে আরও শক্তিশালী করতে হবে। সংবাদ সম্মেলনে বায়রার মহাসচিব কাজী মফিজুর রহমান, যুগ্ম সহাসচিব শামীম আহমেদ চৌধুরীসহ বায়রার নেতারা উপস্থিত ছিলেন।