লিবিয়াফেরত বাংলাদেশিদের অর্থ-সহায়তা দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়াফেরত বাংলাদেশিদের ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ-সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে বেগম শেখ ফজিলাতুননেসা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।কাগজপত্র যাচাইয়ের পর মন্ত্রী ১০ জনের হাতে টাকা তোলার কাগজ তুলে দেন। এর আগে মন্ত্রী বলেন, সরকার বিমানভাড়া দিয়ে লিবিয়া প্রত্যাগতদের দেশে ফিরিয়ে এনেছে। মাত্র তিন মাসের ব্যবধানে তাঁদের মধ্যে অর্থ-সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এ জন্য তিনি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ধন্যবাদ জানান।মন্ত্রী বলেন, ইরাক-কুয়েত যুদ্ধের সময় কুয়েতফেরত অনেক বাংলাদেশি শ্রমিক এখনো অর্থ পাননি।অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘আমরা যাচাই-বাছাই শেষে প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাবে ৫০ হাজার টাকা করে দিচ্ছি।’ তিনি বলেন, শুরুতে ২০ হাজার টাকা দেওয়ার চিন্তা ছিল। কিন্তু এ অর্থ অত্যন্ত কম হওয়ায় বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা মানবিক কারণে সহজ শর্তে ঋণ দিতে রাজি হয় এবং স্বল্পতম সময়ের মধ্যে ঋণের অর্থ ছাড় করে। এ জন্য প্রত্যেক কর্মীকে ৫০ হাজার করে টাকা দেওয়া সম্ভব হচ্ছে।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আইওএমের আঞ্চলিক প্রধান রাবাব ফাতিমা বলেন, কর্মীরা হস্তান্তরপত্র পাওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে নিজ নিজ হিসাবের মাধ্যমে তাঁদের নগদ সহায়তার ৫০ হাজার টাকা তুলতে পারবেন।অনুষ্ঠান পরিচালনা করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। বিশ্বব্যাংকের পরামর্শক তাহসিন সাঈদও অনুষ্ঠানে বক্তব্য দেন।আইওএমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৯৪ জন বাংলাদেশি কর্মী লিবিয়া থেকে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৩৬৪ জন পুরুষ ও ১৪৫ জন নারী। তিউনিসিয়া সীমান্তে এখনো আরও ১৪ জন ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।যেভাবে টাকা পাওয়া যাবে: এ বছরের ২৫ ফেব্রুয়ারির পর যাঁরা লিবিয়া থেকে এসেছেন, তাঁরাই কেবল এই টাকা পাবেন। এ জন্য প্রথমে একটি ব্যাংক হিসাব খুলতে হবে। এরপর আইওএমের কলসেন্টারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে হবে।