লিবিয়াফেরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মিয়ার বাজারে চরবাসীদের বিনা মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ায় যেসব কোম্পানিতে বাংলাদেশিরা কর্মরত ছিলেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আসা শ্রমিকদের আবার সেখানে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে। এ ছাড়া লিবিয়াফেরত বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য অন্য দেশে পাঠানোর জন্যও সরকার কাজ করছে।দীপু মনি বলেন, লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মরত ছিলেন। এ পর্যন্ত লিবিয়া থেকে ২৯ হাজার ৫৩৪ জন বাংলাদেশি দেশে ফিরেছে। বিনা মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার এ কার্যক্রমে ঢাকা ও চাঁদপুরের চিকিৎসকেরা অংশ নেন। ডা. দীপু মনির সার্বিক তত্ত্বাবধানে গতকাল দিনভর দুই সহস্রাধিক লোককে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত প্রমুখ।