লিবিয়াফেরত শ্রমিকদের চাকরি দেবে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে প্রত্যাগত বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে পোশাকশিল্পে নিয়োগ করবে। গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এ কথা বলেন। বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা লিবিয়াফেরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেব।’বৈঠককালে বিজিএমইএর নেতারা বিশ্বব্যাপী মন্দা এবং জিএসপি সমস্যা সত্ত্বেও দেশের অর্থনীতির চাকা সচল রাখায় বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন। প্রধানমন্ত্রী বিজিএমইএর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার জনগণের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এর আগে বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম ও সহসভাপতি (অর্থ) এস এ মান্নান কচি প্রধানমন্ত্রীর হাতে সমিতির ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানও উপস্থিত ছিলেন।কার্ডিনালের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষ সমানাধিকার ভোগ করায় চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। সফররত ‘ভ্যাটিকানভিত্তিক পন্টফিক্যাল কাউন্সিল ফর ইন্টার রিলিজিয়াস’-এর সভাপতি কার্ডিনাল জিয়ান লুইস তাউরান গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সঙ্গে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে।পোপ বেনেডিক্টের বিশেষ দূত কার্ডিনাল জিয়ান লুইস তাউরান বাংলাদেশে পাঁচ দিনের সফরকালে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধি এবং চার্চের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বাসস।কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: প্রধানমন্ত্রী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরকার শস্যবিমা চালু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার ডাল, আদা, রসুনসহ মসলা উৎপাদনের জন্য কৃষকদের মাত্র ২ শতাংশ সুদে ঋণ দেবে।গতকাল রাতে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে কৃষক লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে এ আলোচনা সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদা রহমান হীরা, ওমর ফারুক, এম এ ওয়াদুদ, শরীফ আশরাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।