লিবিয়াফেরতদের পুনর্বাসনে ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়াফেরত বাংলাদেশিদের যাতায়াত ও পুনর্বাসনে দুই থেকে তিন কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে।গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুত সহায়তার বাইরে বিশ্বব্যাংক আমাদের এই ঋণ নেওয়ার প্রস্তাব করেছে। লিবিয়া-প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে বিমান ভাড়াও এই অর্থ থেকে দেওয়া হবে। এ ছাড়া দেশে ফেরত আসার পর বাংলাদেশিদের পুনর্বাসনে সরকারের গৃহীত প্রকল্পে এই টাকা ব্যবহার করা হবে।’এলেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, ‘খুব দ্রুত এই ঋণের অর্থ ছাড় করা হবে। শিগগিরই বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের এ-সংক্রান্ত চুক্তি হবে।’ বৈঠকে সুশাসন, বাজেট সহায়তা, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব মোহাম্মদ তারেক, ইআরডির সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া প্রমুখ।আইএমএফের সঙ্গে বৈঠক: এর আগে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এ সময় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) শক্তিশালী করার সুপারিশ করেন আইএমএফের প্রতিনিধিরা। এ ছাড়া বৈঠকে মুদ্রা বিনিময় হার নিয়ে আলোচনা হয়।আইএমএফের ১০০ কোটি ডলারের বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ) নেওয়ার বিষয়টিও বৈঠকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, আইএমএফের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপবিভাগের প্রধান ডেভিড কোয়েন, আবাসিক প্রতিনিধি এতেরি কিনত্রাজে প্রমুখ।ফিরেছেন আরও ৩৩৪২ জন লিবিয়া থেকে গতকাল আরও তিন হাজার ৩৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা ১০টি এবং বিমানের একটি ফ্লাইটে তাঁরা দেশে আসেন। আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর জানান, গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাতের আগ পর্যন্ত ১১টি ফ্লাইটে তিন হাজার ৩৪২ জন বাংলাদেশিকে লিবিয়া সীমান্ত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে এক হাজার ১৪৭ জন মিসর এবং দুই হাজার ১৯৫ জন তিউনিসিয়া সীমান্ত থেকে ফিরছেন। এ নিয়ে আইওএমের মাধ্যমে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৫৭৩ জন।আইওএম জানিয়েছে, ১৭ মার্চের মধ্যে মিসর সীমান্তে নিবন্ধনকৃত বাকি দুই হাজার ২৫ জনকে ফিরিয়ে আনা হবে। তিউনিস সীমান্তে নিবন্ধনকৃত বাকি সাত হাজার ৮৬২ জন বাংলাদেশিকে ২৬ মার্চের মধ্যে দেশে ফিরিয়ে আনা যাবে।