লিবিয়ার ছয় বাংলাদেশি কর্মীর লাশ মিটফোর্ডে
লিবিয়া থেকে ছয়জন বাংলাদেশি শ্রমিকের লাশ ঢাকায় পৌঁছেছে। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গের হিমঘরে লাশগুলো সংরক্ষিত রয়েছে। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে এই ছয়জন মারা যান। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মাফরুহা সুলতানা প্রথম আলোকে জানান, গতকাল রোববার পর্যন্ত মোট ছয়জনের লাশ বিমানযোগে দেশে আনা হয়েছে। আরও চারটি লাশ আসবে। সবগুলো আসার পর পরিবারকে লাশগুলো বুঝিয়ে দেওয়া হবে। মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে কফিনে করে তিনটি লাশ হাসপাতালের মর্গে আনা হয়। পরে তা সংরক্ষণ করা হয়। গতকাল বেলা তিনটার দিকে আরও তিনটি মরদেহের কফিন মর্গের হিমঘরে সংরক্ষণের জন্য রাখা হয়েছে।কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে কয়েক দিন আগে লাশগুলো সংরক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাশগুলো সংরক্ষণের জন্য মিটফোর্ড হাসপাতালকে অনুরোধ জানায়। সে অনুযায়ী লাশগুলো রাখা হয়েছে।