লিবিয়ার জেলখানা থেকে ৬৫ বাংলাদেশির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার তোয়াইশা জেলখানায় আটক ৬৫ জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন। অবৈধভাবে লিবিয়ায় অনুপ্রবেশ এবং কাজের বৈধ অনুমতিপত্র (আকামা) না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিনের আলোচনার পর লিবিয়া সরকার তাঁদের মুক্তি দেয়। তাঁদের অধিকাংশই দেশে ফিরতে চান বলে জানা গেছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী ২২ জুলাই বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। পরে মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানান, এই বন্দীদের মুক্তি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। দূতাবাসের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়। একপর্যায়ে লিবিয়া সরকার তাঁদের মুক্তি দেয়। তবে ওই ৬৫ জনের কারও কাছেই পাসপোর্ট নেই। লিবিয়ার সরকার তাঁদের বিশেষ পরিচয়পত্র দিয়েছে। এই পরিচয়পত্র দিয়ে আগামী তিন মাসের মধ্যে তাঁরা পছন্দের যেকোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করতে পারবেন।দূতাবাস সূত্রে জানা গেছে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই অবৈধ পথে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। বাকিরা বেশি বেতনের জন্য তাঁদের কোম্পানি ছেড়ে দিয়েছিলেন। আহসান কবির জানান, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই দেশে ফিরতে চান। তবে অবৈধভাবে যাঁরা অনুপ্রবেশ করেছেন, তাঁরা লিবিয়ায় থাকতে চান। তাঁদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়া সরকার এখন বাংলাদেশিদের ব্যাপারে ইতিবাচক। এর অংশ হিসেবে অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের জন্য ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অবৈধ ব্যক্তিরা যদি আকামা নিতে পারেন, তাহলে তাঁরা সেখানেই থাকতে পারবেন। লিবিয়ায় প্রায় ২০ হাজার বাংলাদেশি অবৈধভাবে বাস করছেন।আহসান কিবরিয়া জানান, লিবিয়ায় থাকতে হলে আকামা খুব জরুরি। এ কারণেই যেসব জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান তাঁদের লিবিয়ায় পাঠিয়েছে, সেই সব কোম্পানির উচিত এই কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তা দিয়ে তাঁদের আকামা দেওয়ার ব্যবস্থা করা।দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আসার পর অনেকেই বেশি বেতনের আশায় নিজ কোম্পানি ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাই তাঁরা বৈধ আকামা হারিয়েছেন। তাঁদের কাছে কোনো পাসপোর্ট নেই। এখন তাঁদের দেশে ফিরতে হতে পারে। তবে যাঁদের পাসপোর্ট আছে, তাঁরা নতুন আকামা করতে পারবেন।