লিবিয়ার তিন নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গত মঙ্গলবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ওই তিনজন লিবীয় নাগরিক। তাঁরা হলেন: ছমির আহমেদ ওমর ফার্দজ (৩৪), মাবুর্ক ফার্দজ সেলিম (২৮) ও ওমরা মাহমুদ (২৩)। হোটেলে তাঁদের কক্ষ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি মুদ্রা, মার্কিন ডলার, লিবীয় দিনার ও কাতারীয় রিয়াল উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে থাকা বাংলাদেশি এক তরুণীকেও গ্রেপ্তার করা হয়েছে।ডিবি পুলিশের সূত্র জানায়, লিবিয়ার কয়েক ব্যক্তি ওই দেশে লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে টাকা ও পাসপোর্ট নিচ্ছেন বলে খবর পান ডিবির উত্তর বিভাগের উপকমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। এই খবরে মঙ্গলবার রাত একটার দিকে অতিরিক্ত উপকমিশনার মো. শহিদুল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল গুলশানের লেক শোর হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ছমির আহমেদ, মাবুর্ক ফার্দজ, ওমরা মাহমুদ এবং বাংলাদেশি এক তরুণীকে (২২) আটক করে। উদ্ধার করা মুদ্রার মধ্যে এক লাখ ৮১ হাজার ৩০৪ মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার ৫০২ টাকা এবং কাতারীয় রিয়াল ও লিবীয় দিনার রয়েছে। এ ছাড়া সেখান থেকে একটি ল্যাপটপ, দুটি আইপ্যাড, সাতটি মুঠোফোন, দুই বোতল বিদেশি মদ ও বাংলাদেশি সাতজনের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।এ বিষয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম জানান, ডিবির পক্ষ থেকে ওই চারজনের বিরুদ্ধে বিদেশি মুদ্রা রাখার ও পাসপোর্ট অবৈধভাবে আটকে রাখার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় ওই চারজনের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে এঁদের মাধ্যমে পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। উপকমিশনার বলেন, আটক প্রতারকেরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরে ওই টাকা দিয়ে মার্কিন ডলার, লিবীয় দিনার ও কাতারীয় রিয়াল কেনেন। ওই তিনজন পাসপোর্ট ও টাকা নেওয়ার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।ব্রিফিংয়ে তিন লিবীয়সহ গ্রেপ্তার হওয়া চারজনকে সাংবাদিকদের সামনে আনা হয়।