শ্রমিকদের কোম্পানির বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলরের তথ্য
লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি মুক্ত
লিবিয়ায় জঙ্গিদের হাতে অপহৃত দুই বাংলাদেশি মুক্তি পেয়েছেন। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আশরাফুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আশরাফুল ইসলাম বলেন, হেলালউদ্দিন ও আনোয়ার হোসেন নামের ওই দুই বাংলাদেশি গতকাল রাত নয়টার দিকে জঙ্গিদের জিম্মিদশা থেকে মুক্তি পান। এরপর দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দূতাবাসকে এ কথা জানানো হয়েছে।
এর আগে গতকাল সকালে স্ত্রী ও মেয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে গতকালই মুক্তি পাওয়ার আশা প্রকাশ করে দোয়া চেয়েছিলেন হেলালউদ্দিন। তাঁদের বেঁচে থাকার খবর পেয়ে দুজনেরই পরিবারে স্বস্তি ফিরে আসে।
হেলালউদ্দিনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। তাঁর বোন জোহরা বেগম, স্ত্রী আলেয়া বেগম ও বড় মেয়ে হেলেনা আক্তার প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে লিবিয়া থেকে মুঠোফোনে ফোন করেন হেলালউদ্দিন। প্রথমে তিনি স্ত্রীর সঙ্গে ও পরে বড় মেয়ের সঙ্গে কথা বলেন।
নবম শ্রেণির ছাত্রী হেলেনা বলে, কেমন আছেন জানতে চাইলে তার বাবা বলেছেন বেঁচে আছেন। বলেছেন, ওরা (জঙ্গিরা) তাঁদের অনেক দূরে নিয়ে গেছে। মাঝেমধ্যে খাবার দিচ্ছে। আধপেটা খেয়ে অনেক দিন ধরে থাকতে হচ্ছে। তিনি সবাইকে তাঁদের জন্য দোয়া করতে বলেছেন।
অপহৃত অপর বাংলাদেশি আনোয়ারের বিষয়ে হেলালউদ্দিন কোনো তথ্য জানিয়েছেন কি না—জানতে চাইলে হেলেনা বলে, ‘আমি নোয়াখালীর অপহৃত লোকটির অবস্থা জানতে চেয়েছিলাম। আব্বা বলেছেন, আমার পাশেই আছেন। আমাদের সবার জন্য দোয়া করো।’
হেলালউদ্দিনের বোন জোহরা বেগম বলেন, ‘সম্ভবত জঙ্গিরাই তাদের মোবাইল থেকে কথা বলার সুযোগ দিয়েছে। ভাই বেঁচে আছে এটাই আমাদের জন্য বড় সুখবর। আমরা চাই খুব দ্রুত তাঁরা মুক্তি পাক।’
আনোয়ারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কাদিপুর ইউনিয়নে। ছেলে অপহৃত হওয়ার পর থেকে তাঁর বৃদ্ধ বাবা ইউনুছ মিয়া ও মা আফরোজা বেগম চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আনোয়ারের স্ত্রী মারুফা খাতুন দুই সন্তান রাহিম (৬) ও রাইমাকে (৪) নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে থাকেন।
মারুফা খাতুন বিকেলে প্রথম আলোকে বলেন, ‘হেলালউদ্দিনের পরিবার আমাকে ফোন করে জানিয়েছে, আমার স্বামীও বেঁচে আছেন এবং আমাকেও নাকি ফোন করবেন। আমি এখন স্বামীর ফোনের অপেক্ষায় আছি। তবে স্বামী যে বেঁচে আছেন, তাতেই আমি খুশি।’
৬ মার্চ লিবিয়ার সিরতে শহরের আল ঘানি তেলখনিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে জিম্মি করা হয়। তাঁরা সবাই ভ্যালু অ্যাডেড ওয়েলফিল্ড সার্ভিসেস (ভিওএএস) নামের প্রতিষ্ঠানে কাজ করেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ভিওএএসের পাশাপাশি লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ন্যাশনাল অয়েল কোম্পানি ও তিউনিসিয়ায় অবস্থিত অস্ট্রিয়ার দূতাবাস অপহৃত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।