লিবিয়ায় আটকে পড়াদের ফিরিয়ে আনতে সরকার আন্তরিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব আছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি অভিযোগ করেন, লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের অভাব আছে। অতীতে লেবানন থেকে এবং কুয়েত-ইরাক যুদ্ধের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছিল। এ ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও এই সরকারের আন্তরিকতার অভাব আছে। তিনি এ জন্য পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন। শমসের মবিন বলেন, প্রতিবছর পাসপোর্ট নবায়ন ও ইমিগ্রেশন ফি বাবদ প্রবাসীদের দেওয়া টাকার ১০ শতাংশ সংকটকালে ব্যবহারের জন্য রাখা হয়। এখন লিবিয়াপ্রবাসীদের সমস্যা সমাধানে এই টাকা ব্যবহার করা যেতে পারে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক লিবিয়ায় আটকে পড়াদের ফিরিয়ে আনতে বেশকিছু পরামর্শ দেন। এর মধ্যে আটকে পড়াদের তদারকিতে মিসর, তিউনিসিয়াসহ পাশের দেশগুলোর দূতাবাসের কর্মকর্তাদের দ্রুত লিবিয়ায় প্রেরণ, মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশ বিমানের গন্তব্য পরিবর্তন করে আটকে পড়াদের ফিরিয়ে আনা, শিপিং করপোরেশনের জাহাজ ভাড়া, সামরিক বিমান ব্যবহার, লিবিয়া সীমান্তের নো-ম্যান্স-ল্যান্ডে প্রবাসীদের দেখভালে ত্রাণ শিবির স্থাপন ও ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চাওয়া উল্লেখযোগ্য। ‘কারাবন্দী’ দিবসের কর্মসূচি: খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করে বিগত তত্ত্বাবধায়ক সরকার। গত বছর থেকে তাই এই দিনটিকে বিএনপি ‘কারাবন্দী দিবস’ হিসেবে পালন করে আসছে।