লিবিয়ায় আরও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ
লিবিয়ায় গত মাসে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর চলতি সপ্তায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশের অন্যতম শ্রমবাজার লিবিয়া। ২০১১ সালে দেশটিতে যুদ্ধাবস্থা শুরুর পর ৩৬ হাজার বাংলাদেশি দেশটি থেকে ফিরে আসেন। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর গত দুই বছরে ২১ হাজার বাংলাদেশি দেশটিতে গেছেন। লিবিয়ায় এখন বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৪৫ হাজার বাংলাদেশি অবস্থান করছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বেনগাজির তিন অস্ত্রধারীর গুলিতে তিন বাংলাদেশি আহত হন। তাঁরা হলেন শেরপুরের হযরত আলীর ছেলে সুমন আলী, ভোলার জসিমউদ্দিন ও নড়াইলের এনামুল মোল্লার ছেলে মহসিন। এর মধ্যে সুমন আলী ও জসীমউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
আহত মহসিনকে উদ্ধৃত করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, শনিবার রাতে তিনজন অস্ত্রধারী জোর করে ওই তিন বাংলাদেশির ঘরে ঢুকে মুঠোফোন, মালামাল ও প্রায় চার হাজার লিবিয়ান দিনার লুট করে। যাওয়ার সময় তারা এলোপাতাড়ি গুলি করে। সুমনের পিঠে, মোহসিনের কোমরে ও জসীমউদ্দিনের তলপেটে গুলি লাগে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকি আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, আহতদের মধ্যে সুমন আলী ও মহসিন বেনগাজীর আল জালা এবং জসীমউদ্দিন আল মার্জ হাসপাতালে চিকিত্সাধীন। দূতাবাস তাঁদের খোঁজখবর রাখছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি বেনগাজিতে বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত হন। ২২ মার্চ সাতজন মিসরীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়। ১২ মার্চ একজন ভারতীয় চিকিত্সককে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। গত এক বছরে এভাবে শতাধিক বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, যুদ্ধ-পরবর্তী লিবিয়ায় বর্তমানে ১৭০০ অস্ত্রধারী দল সক্রিয়, যাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক সহিংসতা, অভ্যন্তরীণ কোন্দল এবং আঞ্চলিক উপদলীয় বিরোধে লিবিয়ায় প্রায়ই হামলার ঘটনা ঘটছে।