লিবিয়ায় ক্যাম্পে ফিরেছেন ১৯৭ বাংলাদেশি
দেশে ফেরার দাবি জানিয়ে লিবিয়ার সাবা জেলার একটি পুলিশ স্টেশনের সামনে অবস্থান নেওয়া ১৯৭ বাংলাদেশি ক্যাম্পে ফিরেছেন।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যথাসময়ে বেতন পরিশোধ এবং নিরাপত্তাসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে গত মঙ্গলবার তাঁরা ক্যাম্পে ফেরেন।লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ওই এলাকার পুলিশপ্রধান বাংলাদেশি কর্মীদের আশ্বাস দিয়ে বলেছেন, শ্রমিকেরা কোম্পানিতে ফিরে গেলে তিনি নিরাপত্তার দায়িত্ব নেবেন। কোম্পানির মালিক বলেছেন, এক সপ্তাহের মধ্যে তিনি সবার বেতন পরিশোধ করবেন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই ১৯৭ কর্মী ক্যাম্পে ফিরে যান। ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে সাবা জেলার বোরাক আল শাফি এলাকার ‘আল রায়েদ’ নামের নির্মাণ প্রতিষ্ঠানে বছরখানেক আগে ওই শ্রমিকেরা কাজ নেন। কিন্তু নির্যাতন, যথাসময়ে বেতন না দেওয়াসহ নানান অভিযোগে একপর্যায়ে ওই শ্রমিকেরা তাঁদের ক্যাম্প ছেড়ে বোরাক আল শাফির একটি পুলিশ স্টেশনের সামনের রাস্তায় আশ্রয় নেন। এক সপ্তাহ তাঁরা সেখানে ছিলেন। পরে স্থানীয় পুলিশ, বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের সমঝোতা বৈঠকের পর ওই কর্মীরা ক্যাম্পে ফিরে যান।