লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগািজ শহরের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে গত শনিবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাংলাদেশি৷ এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের ৩২ জন বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
নিহত দুজন হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোহাম্মদ মিলন ও তাঁর ভাই মোহাম্মদ স্বপন। আহত দুজনের মধ্যে কামালের অবস্থা আশঙ্কাজনক৷ আহত অপরজন ইব্রাহিমকে চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে৷ লিবিয়ার সময় শনিবার রাত সোয়া ১০টার দিকে সামালিবিয়া নামের কারখানায় ওই হামলা হয়।
যোগাযোগ করা হলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকি গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর দূতাবাসের পক্ষ থেকে কারখানার বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, শনিবার কাজ শেষে তাঁরা কোম্পানির আবাসিক ক্যাম্পে ছিলেন। একটি কক্ষে ছিলেন চারজন বাংলাদেশি৷ হঠাৎ বিকট শব্দে একটি ক্ষেপণাস্ত্র ক্যাম্পের পেছনের দেয়ালে আঘাত করে৷ ওই কক্ষে থাকা চারজন বাংলাদেশিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বেনগাজি মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে।
আহসান কিবরিয়া সিদ্দিকি জানান, ওই ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে অপর ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশের অন্যতন শ্রমবাজার লিবিয়া। ২০১১ সালে দেশটিতে যুদ্ধাবস্থা শুরুর পর ৩৬ হাজার বাংলাদেশি দেশে ফিরে আসেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে গত দুই বছরে ২১ হাজার বাংলাদেশি নতুন করে সেখানে যান। বৈধ-অবৈধ মিলিয়ে সেখানে প্রায় ৪৫ হাজার বাংলাদেশি আছেন। এর মধ্যে অন্তত ২৫ হাজার জন আছেন দেশটির রাজধানী ত্রিপোলি থেকে এক হাজার কিলোমিটার দূরের শহর বেনগাজিতে। কয়েক মাস ধরে সেখানে ইসলামপন্থী ও ন্যাশনাল আর্মি নামে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তাদের ছোড়া গুলি ও ক্ষেপণাস্ত্র প্রায়ই লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে।
এর আগে ২১ ফেব্রুয়ারি বেনগাজিতে বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে বরগুনার আবুল কালাম ও পিরোজপুরের শফিকুর রহমান প্রাণ হারান। ফেব্রুয়ারিতেই বেনগাজি থেকে একদল বাংলাদেশিকে অপহরণ করা হয়, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর ২২ মার্চ বেনগাজিতে অস্ত্রধারীদের গুলিতে শেরপুরের সুমন আলী, ভোলার জসিমউদ্দিন ও নড়াইলের মোহসিন আহত হন। সুমন পরে যান। দুই দিন আগে তাঁর লাশ দেশে এসেছে।