লিবিয়ায় গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি বাড়িতে দুষ্কৃতকারীদের গুলিতে আবদুস শহীদ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শহীদের বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি ত্রিপোলিতে নির্মাণশ্রমিকের কাজ করতেন।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, শ্রমিক আবদুস শহীদসহ কয়েকজন মঙ্গলবার রাতে ত্রিপোলির কাছের একটি বাসায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী ওই বাড়ির দরজা খুলতে বলেন। দরজা না খুললে তাঁরা দরজা ভেঙে ঘরে ঢুকে শহীদকে গুলি করে। শহীদের কক্ষের লোকজন ভয়ে রাতে তাঁকে হাসপাতালে নেননি। সকাল হলে পাশের একটি ক্লিনিকে শহীদকে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, নিহত আবদুস শহীদের লাশ দু-তিন দিনের মধ্যে দেশে আনা হবে।