লিবিয়ায় দালালের হাতে জিম্মি রাজৈরের সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে লিবিয়ায় গিয়ে দালালের হাতে জিম্মি হয়ে পড়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামের সাতজনসহ আট ব্যক্তি। মুক্তিপণের জন্য এসব যুবককে শারীরিক নির্যাতন করা হয়। ওই নির্যাতনের ভিডিওচিত্র দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত সোমবার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার সিরাজ মাতুব্বরকে (৫২) আটক করে র‍্যাব-৮-এর একটি দল। গতকাল মঙ্গলবার র‍্যাবের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজ মাতুব্বরকে হাজির করা হয়।

লিবিয়ায় জিম্মি হওয়া ওই আটজন হলেন রাজৈরের দক্ষিণ খালিয়া গ্রামের মনোরঞ্জন মণ্ডল, লিটু মণ্ডল, প্রকাশ বাড়ৈ, নিতাই বাড়ৈ, বিজ্ঞান সরকার, জাহিদুল বোতালী ও গোবিন্দ মণ্ডল এবং বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার ঝন্টু মালো। প্রথম আলোর এই প্রতিবেদক গতকাল তাঁদের চারজনের স্বজনের সঙ্গে কথা বলেন।

পরিবার সূত্র জানায়, ওই আটজনকে লিবিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় পাচারকারী চক্র। এরপর সেখানে নিয়ে তাঁদের জিম্মি করা হয়। তাঁরা এখন লিবিয়ায় সিরাজ মাতুব্বরের ছেলে শহিদুল মাতুব্বর নামের এক পাচারকারীর হাতে জিম্মি রয়েছেন। তাঁদের মুক্তি দেওয়ার কথা বলে সিরাজের মাধ্যমে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে। এরপরও তাঁদের ছেড়ে দেওয়া হয়নি। তাঁদের নির্যাতন করে তার ভিডিওচিত্র দেখিয়ে আরও টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।

নিতাই বাড়ৈয়ের মা সুমিত্রা বাড়ৈ বলেন, ‘আমার ছেলেটারে একলা পাইয়া কত কষ্টই না দেওয়ার লাগছে ওরা! কী দোষ করেছে আমার বাজান? কী করলে পাইব আমার বাজান মুক্তি? মেলা দিন আটকাই রাখছে। হিয়ার পর কতবার লাখ টেকা দিলাম ওগরে। তবুও মোর বাজান ফিরল না। বাজান রে তোমরা আইনা দাও।’

নিতাইয়ের বাবা নগেন বাড়ৈ বলেন, ‘চার মাস ধইরা আমার ছেলে বিদাশে গেছে। ওগো মুখে হুনছি, ওগরে মারধর করে, পিডায়। ঠিকমতো খাইতে দেয় না।’

বিজ্ঞান সরকারের মা রেভা সরকার বলেন, ‘ছেলে আমারে শেষ কথাই কইছে—মা, মা তোমরা তারে টেকা দাও আর আমার জীবন বাঁচাও। দুইবার দালালগো টেকা দিছি, তারপরও মোর পোলারে ফিরা পাইলাম না। ছেলেকে কত দিন দেখি নাই। ইমুতে ভিডিও দেহাইছিল সিরাজ মাতুব্বর। কীভাবে হাত-পা বাঁইধা রাখছে ছেলেডারে। সিরাজ চাচারে অনেক বলছি, বাজানরে ছাইড়্যা আইনা দাও। হেরে টেকাও দিছি। কিন্তু লাভ হয় নাই।’

মনোরঞ্জন মণ্ডলের বোন উন্নতি মণ্ডল বলেন, ‘ভাইকে বিদেশে পাঠাতে গিয়ে বাবা জমি বিক্রি করেছেন। মহাজনের কাছ থেকে সুদে টাকা এনেছেন। এখন বাড়ির ভিটাটুকুও নেই। সব বিক্রি করে টাকা দিয়েছেন দালালকে। ভেবেছি, ভাই ফিরে আসবে। কিন্তু আসল না।’

এ বিষয়েগতকাল র‍্যাব-৮ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজকে আটক করা হয়। পাচারকারী চক্রটি ইতালি, স্পেন, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের প্রলোভন দেখিয়ে সেসব দেশে পাঠানোর জন্য বেকার যুবকদের টার্গেট করে। এ ঘটনায় শিবচর থেকে আটক হওয়া সিরাজ ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুসারে মামলা হবে। পাচার চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।