লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ আজ আসছে
লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আজ শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পরে সেখান থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে লিবিয়ায় একের পর এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক প্রেরণকারী ১২টি দেশের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকির সভাপতিত্বে শ্রম প্রেরণকারী দেশগুলোর বৈঠক বসে ত্রিপোলিতে। সেখানেই এই উদ্বেগ প্রকাশ করা হয়।
গত ২১ জুন শনিবার রাতে লিবিয়ার স্থানীয় রাত সোয়া ১০টায় বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দুই ভাই মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন মারা যান। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সেখানকার ৩২ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকি গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, শুক্রবার সকালে ওই দুই বাংলাদেশির লাশ ঢাকায় পৌঁছাবে।