লিবিয়ায় নিহত দুই বাংলাদেশির লাশ আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আগামীকাল শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। পরে সেখান থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে লিবিয়ায় একের পর এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক প্রেরণকারী ১২টি দেশের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকির সভাপতিত্বে শ্রম প্রেরণকারী দেশগুলোর বৈঠক বসে ত্রিপোলিতে। সেখানেই এই উদ্বেগ প্রকাশ করা হয়।

গত ২১ জুন শনিবার রাতে লিবিয়ার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন মারা যান। তাঁরা দুজন ভাই। রাতে বিশ্রাম নেওয়ার সময় হঠাত্ ক্যাম্পের দেওয়ালে একটি মিসাইল লাগলে তারা মারা যান। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সেখানকার ৩২ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেয়। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে বেনগাজিতে গুলিবিদ্ধ হয়ে তিনজন বাংলাদেশি মারা যান।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আহসান কিবরিয়া সিদ্দিকি আজ মোবাইলে প্রথম আলোকে জানান, শুক্রবার সকালে ওই দুই বাংলাদেশির লাশ ঢাকায় পৌঁছবে। তিনি জানান, বৃহস্পতিবার ত্রিপোলিতে বাংলাদেশ ভারত, পাকিস্তানসহ লিবিয়ার ১২টি শ্রম প্রেরণকারী দেশের বৈঠক হয়। ওই বৈঠকে মিসাইল হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বেসামরিক বা প্রবাসী কোনো শ্রমিক যেন এভাবে হামলার শিকার না হন, সে বিষয়ে লিবিয়ার সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় বৈঠকে।

ঢাকায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে জানান, টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার ভোরেই ওই দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছবে। বিমানবন্দর থেকেই স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।