লিবিয়ায় নিহত দুজনের লাশ দ্রুত ফেরত চান স্বজনেরা
লিবিয়ায় মিসাইল হামলায় নিহত শরীয়তপুরের দুই ভাইয়ের লাশ দ্রুত ফেরত আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনেরা৷ গতকাল মঙ্গলবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে গেলে স্বজনেরা ওই দাবি জানান৷
গত শনিবার রাতে লিবিয়ার বেনগািজ শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে মিসাইল হামলায় স্বপন ছৈয়াল (২৮) ও তাঁর ভাই মিলন ছৈয়ালের (২৪) মৃত্যু হয়৷ তাঁরা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামের কুদ্দুস ছৈয়ালের ছেলে।
কুদ্দুস ছৈয়ালের ছয় ছেলে ও এক মেয়ে৷ সংসারের দারিদ্র্য েঘাচাতে ২০১০ সালে প্রথমে মিলন ছৈয়াল লিবিয়ায় যান৷ দুই বছর পর তিনি বড় ভাই স্বপনকে লিবিয়ায় নিয়ে যান৷
গতকাল সকালে দক্ষিণ কোদালপুর গ্রামে দুজনের বাড়ি গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা বিলাপ করছেন। স্বপনের স্ত্রী মালেকা বেগম, বাবা কুদ্দুস ছৈয়াল, মা মোর্শেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
স্বপনের স্ত্রী বলেন, ‘আমি যখন সন্তানসম্ভবা, তখন তিনি (স্বপন) লিবিয়ায় যান৷ েছলেকে দেখেও যেতে পারলেন না৷ আগামী ডিসেম্বরে তাঁর দেশে আসার কথা ছিল৷’ তিনি স্বপন ও মিলনের লাশ দ্রুত দেশে আনার দাবি জানান৷
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ বেনগািজ মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা আছে৷ প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব তাঁদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে৷