লিবিয়ায় নিয়ে যুবককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাছ্‌ছের
মোফাছ্‌ছের

গাজীপুরের কালিয়াকৈরের বেগমপুরের মোফাছ্ছের নামের এক যুবককে চাকরির কথা বলে লিবিয়ায় নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মোফাছ্ছেরের (৩৮) স্ত্রী রাহিমা আক্তার আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
রাহিমা আক্তার বলেন, ‘গত বছরের ৫ নভেম্বর আমার এক মামিশাশুড়িসহ কয়েকজন আমার স্বামীর বাড়িতে আসেন। পরে তাঁরা আমার বেকার স্বামীকে চাকরির জন্য লিবিয়ায় পাঠানোর প্রস্তাব দেন। পরে দ্রুত পাসপোর্ট ও আনুষঙ্গিক কাজের জন্য প্রথমে ২ লাখ ৩০ হাজার টাকা ও বাকি টাকা পৌঁছানোর পর দেওয়ার কথা বললে আমার স্বামী লিবিয়ায় যেতে রাজি হন।’
রাহিমা আক্তার বলেন, ‘এরপর ৫ ডিসেম্বর ফ্লাইটের কথা বলে ২ লাখ ৩০ হাজার টাকাসহ মামিশাশুড়ি জিয়াসমিন ও তাঁর স্বামী মো. বাদল মিয়াসহ কয়েকজন আমার স্বামীকে বাসা থেকে আগের দিন নিয়ে যান। ১৩ ডিসেম্বর বাদল মিয়া মুঠোফোনে বলেন, আমার স্বামীকে লিবিয়ায় পাঠানো হয়েছে। এখন টাকা দিলে তাঁকে চাকরি দেওয়া হবে। এর দুই দিন পর জিয়াসমিন আমার বাসায় এসে দেড় লাখ টাকা নিয়ে যান। তারপর আমার স্বামী লিবিয়া থেকে ফোন করে বলেন, টাকার জন্য তাঁকে খাবার না দিয়ে সেখানে একটি কক্ষে আটকে মারপিট করা হচ্ছে। এ খবর পেয়ে কয়েক দফায় মোট ৪ লাখ ৬০ হাজার টাকা পাঠানো হয় আসামিদের কাছে। তারপরও আমার স্বামীকে চাকরি দেওয়া হয়নি। গত ২১ জানুয়ারি রাত নয়টায় ফোন করে আমার স্বামীর মৃত্যুর সংবাদ জানানো হয়। তখন ভিডিও কল করে স্বামীর লাশের ছবি ও তাঁর মৃত্যু সনদ দেখানো হয়। বর্তমানে লাশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির সাহারা হসপিটালে রয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে জিয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হোসাইন নাম দিয়ে গলাকাটা পাসপোর্টে লিবিয়ায় পাঠানো হয় মোফাছ্ছেরকে। এরপর থেকেই তাঁদের মুঠোফোন বন্ধ। পরে জনৈক আমীর আলী ফোন করে বলেন, ১ লাখ ৮০ হাজার টাকা পাঠালে আমার স্বামীর লাশ বাংলাদেশে পাঠানো হবে।’
জিয়াসমিন ও বাদল মিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন মঞ্জুর হোসেন, মমতাজউদ্দিন, নুরজাহান, শফিউদ্দিন, মেহেদী হাসান ও মোশারফ।
মামলা পরিচালনাকারী গাজীপুর জজকোর্টের আইনজীবী মো. আক্তারুজ্জামান বলেন, আদালত সিআইডির ঢাকা রেঞ্জের ডিআইজিকে মামলার তদন্তের পাশাপাশি লিবিয়া থেকে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।