লিবিয়ায় বন্দুকযুদ্ধে দুই বাংলাদেশি নিহত
লিবিয়ায় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এঁরা হলেন বরগুনার আবুল কালাম (৩২) ও পিরোজপুরের শফিকুর রহমান (৩৩)। গত শুক্রবার লিবিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এই ঘটনা ঘটে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসীকল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মু. মোহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই দুই বাংলাদেশি ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে বেনগাজির শরিকত কাজি নামে একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার তাঁরা কাজ শেষে ট্যাক্সিতে করে ফেরার সময় লিবিয়ার দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে যান। এতে লিবিয়ান ট্যাক্সিক্যাব চালকসহ দুই বাংলাদেশি নিহত হন। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। খুব শিগগিরই তাঁদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।
নিহত আবুল কালামের শ্বশুর আবু সালেহ প্রথম আলোকে জানান, শুক্রবার রাতে তাঁরা লিবিয়া থেকে কালাম ও শফিকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তিনি বলেন, তাঁর মেয়ে আমেনা খাতুনের সঙ্গে কয়েক বছর আগে কালামের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
লিবিয়ায় কয়েক বছর ধরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তবে এর মধ্যেও ৩০ থেকে ৩৫ হাজার বাংলাদেশি সেখানে চাকরি করছেন।