লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেছেন নবম জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। প্রধান বিরোধী দল বিএনপির টানা অনুপস্থিতির মধ্যে গতকাল বৃহস্পতিবারই প্রথম একমাত্র স্বতন্ত্র সাংসদও ওয়াকআউট করেন।পরে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, লিবিয়ায় কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পায়নি সরকার। আমরা লিবিয়ার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আশা করি, আমাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে পারব।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক নাগরিক সেখানে অনেক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রবাসী কর্মসংস্থান ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে।’সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ ‘জাহান মণি’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিগগিরই এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা আটক নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারব।’