লিবিয়ায় বাংলাদেশিদের চলাফেরা সীমিত করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের চলাফেরা সীমিত করার পাশাপাশি রাতে বাইরে না গিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। গতকাল সোমবার বিকেলে দূতাবাস ফেসবুক পেজে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের প্রতি এ পরামর্শ দেয়।
গত শুক্রবার লিবিয়ার বেনগাজি শহরে সংঘর্ষের সময় চার বাংলাদেশি নাগরিকের প্রাণহানির পরিপ্রেক্ষিতে দূতাবাস সে দেশে অবস্থানরত বাংলাদেশের লোকজনকে এই সতর্কতা অবলম্বন করতে বলেছে।
ওই ঘটনার প্রসঙ্গ টেনে দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, এ প্রেক্ষাপটে রাস্তাঘাটে চলাফেরার সময় কোনো চেকপয়েন্ট বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোথাও থামতে বললে নিজের পরিচয়, পাসপোর্ট, মেডিকেল ফিটনেস কার্ড ও নিয়োগকর্তার পরিচয়পত্র (বিতাকা) দেখানো এবং কোনো অবস্থাতেই ভয় পেয়ে পালানোর চেষ্টা থেকে বিরত থাকার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লিবিয়ায় সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে এবং রাতে বাইরে বের না হয়ে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে চলাফেরার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ রইল।
এ ছাড়া যেসব প্রবাসী বেনগাজিসহ যুদ্ধরত অন্যান্য এলাকায় রয়েছেন, তাঁদের দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭-এ যোগাযোগ করে নিজেদের অবস্থান এবং প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে অনুরোধ জানানো হয়েছে।