লিবিয়ায় বাংলাদেশিরা নিরাপদে আছেন
লিবিয়ায় বিভিন্ন গোষ্ঠীর চলমান সহিংসতার মধ্যেও বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। তবে নিরাপত্তাজনিত কারণে দেশটির সির্তে শহর থেকে ১১টি বাংলাদেশি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তা গতকাল বুধবার এ তথ্য জানান। খবর ইউএনবির।
এ বিষয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বলেন, ওই ১১টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সির্তে শহরে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা বলা মুশকিল। তবে নিরাপত্তার জন্য তাঁদের ওই শহরটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
শ্রম কাউন্সিলর জানান, সির্তে শহরে সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি সেখানে অবস্থানরত বাংলাদেশি পরিবারগুলোকে জানিয়ে তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। তিনি আরও বলেন, লিবিয়ায় অন্য দেশের দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের দূতাবাস পুরোদমে কাজ করছে। লিবিয়ায় অবস্থানরত অন্তত ৩৩ জন বাংলাদেশিকে সহযোগিতা দিতে লিবিয়ার রেড ক্রিসেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা গত সোমবার দাবি করেছে, লিবিয়ায় সম্প্রতি এক লড়াইয়ে তাদের একজন প্রভাবশালী কমান্ডার নিহত হয়েছে। এর বদলা নিতে জঙ্গি গোষ্ঠীটি ভয়াবহ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরের তীরে লিবিয়ার প্রধান তেল টার্মিনালের কাছে নোফালিয়া শহরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। সির্তে শহরও এদের নিয়ন্ত্রণে।