লিবিয়ার মিজদাহে ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে করা মামলায় নূরজাহান আক্তার অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে নূরজাহানের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
গণমাধ্যমের তথ্য অনুসারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ভুক্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন নূরজাহান, যাঁকে পরে অব্যাহতি দেওয়া হয়।
নিম্ন আদালতে গত ৫ জুলাই বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন নূরজাহান, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু ও একরামুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
জামিনের বিষয়টি জানিয়ে মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, লিবিয়ায় বাংলাদেশিসহ ২৬ জনকে হত্যা ও মানব পাচারের অভিযোগে করা মামলায় হাইকোর্ট নূরজাহান আক্তারকে নিয়মিত আদালত খোলা না পর্যন্ত সময়ের জন্য জামিন দিয়েছেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুসারে লিবিয়ায় অপহৃত ২৬ বাংলাদেশিকে গত ২৮ মে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। নূরজাহান ও তাঁর স্বামী আবদুস সাত্তারের বিরুদ্ধে গত ৫ জুন মানব পাচার আইনে পল্টন থানায় মামলা করেন সিআইডির এসআই রফিকুল ইসলাম। মামলায় আরও ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের কেউ কেউ লিবিয়াসহ দেশের বাইরে অবস্থান করছেন।