লিবিয়ায় সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত
লিবিয়ার ত্রিপলিতে সংঘর্ষে দুই বাংলাদেশি মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ত্রিপলির সেরাজ এলাকায় সংঘর্ষে নিহত দুজন হলেন নরসিংদীর জাহাঙ্গীর মনির ও যশোরের মিলন। এ ঘটনায় আরেক বাংলাদেশি আহত হয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
এর আগে ৩০ জুলাই বেনগাজিতে একই ধরনের ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হন। ত্রিপলি থেকে বেনগাজির দূরত্ব প্রায় এক হাজার ১০০ কিলোমিটার। সাম্প্রতিক সময়ে ত্রিপলি ও বেনগাজির মধ্যে আকাশপথে যোগাযোগ না থাকা এবং যোগাযোগ সমস্যার কারণে ওই দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। খুব শিগগিরই তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
দুজনের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।