লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে তিন বাংলাদেশির মৃত্যু
লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে দেশটির আল-জাওয়াইয়া শহরের অদূরে সাবরিয়া এলাকার একটি বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও দুই বাংলাদেশি।
মৃত ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে মোস্তফা কামাল (৪২), বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আফজাল জমাদ্দারের ছেলে বেলায়েত জমাদ্দার (৪২) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে আবু হানিফা (৪৫)।
ওই বাড়ির এক বাসিন্দা মঠবাড়িয়ার রিপন হাওলাদার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একতলা বাড়িটির ১৫টি কক্ষে ৫০ জন বাংলাদেশি থাকতেন। বাসিন্দাদের রান্নার জন্য প্রতিটি কক্ষে গ্যাসের চুলা আছে। বুধবার সন্ধ্যায় পাঁচজন একটি কক্ষে ইফতার করছিলেন। তাঁদের ঘরের চুলায় রান্না চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দগ্ধ হন। অন্য কক্ষের বাসিন্দারা তাঁদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ত্রিপোলি হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই মোস্তফা কামাল, বেলায়েত ও আবু হানিফ মারা যান।
সেখানে চিকিৎসাধীন মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের সাত্তার খানের ছেলে দুলাল খান ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে চুন্নু বিশ্বাসের শারীরিক অবস্থা সংকাটাপন্ন।
গতকাল শনিবার দুপুরে মোস্তফা কামালের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা শামসুন্নাহার বেগম (৭২) বিলাপ করছেন। পাশে বসে আছেন মোস্তফা কামালের স্ত্রী রাবেয়া বেগম (৩০) এবং দুই ছেলে জাহিদ হাসান (১২) ও মাহিন হোসেন (৮)। রাবেয়া বেগম বলেন, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি মোস্তফা কামাল লিবিয়ায় যান। সেখানে শ্রমিকের কাজ করতেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ প্রথম আলোকে বলেন, ‘লিবিয়ায় কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। তবে পররাষ্ট্র বা শ্রম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো তথ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি।’