লিবীয় তিন নাগরিকসহ চারজনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় পাঠানোর নামে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন লিবীয় নাগরিক ও এক বাংলাদেশি তরুণীর ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লিবীয় নাগরিকেরা হলেন: সামির আহমেদ ওমর ফার্দজ, আমারা মাহমুদ আমারা ও মাবুর্ক ফার্দজ সালেম।ডিবি পুলিশের সূত্র জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বৃহস্পতিবার ওই চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আসামিদের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাঁদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেল থেকে গত মঙ্গলবার গভীর রাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট ও প্রায় এক কোটি ৬০ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা, বাংলাদেশি সাতটি জাতীয় পরিচয়পত্র, দুই বোতল মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। বুধবার লিবীয় নাগরিকদের বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখার এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অভিযোগে মামলা করা হয়। আদালতে দেওয়া ডিবির প্রতিবেদনে বলা হয়, ওই তিন লিবীয় নাগরিকের কাছে বাংলাদেশে অবস্থানের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছিল না। তাঁরা আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্য।