সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আট সপ্তাহের জন্য মুলতবির আবেদন করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। গতকাল রোববার দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৃথকভাবে আবেদন দুটি করা হয়। এই দুটি লিভ টু আপিলের ওপর আজ সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। এ ছাড়া হাইকোর্টের রায় স্থগিতের জন্য এই চারজনের পৃথক আবেদনও আজ শুনানির জন্য রয়েছে। সূত্র জানায়, গতকাল বিকেলে প্রকাশিত আজকের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে আবেদনগুলো ছয় নম্বর ক্রমিকে রয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির মহাসচিবের কৌঁসুলি টি এইচ খান প্রথম আলোকে বলেন, প্রস্তুতির জন্য শুনানি মুলতবি চেয়ে আবেদন করা হয়েছে।৩ জানুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি হাইকোর্টের রায় স্থগিত করে এর আগে আপিল বিভাগের দেওয়া আদেশও প্রত্যাহার করা হয়। ৫ জানুয়ারি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য খোন্দকার দেলোয়ার এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মুন্সী আহসান কবির, মো. কামরুজ্জামান ও তাজুল ইসলাম আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়।মুলতবি আবেদনে যা রয়েছে: সংশ্লিষ্ট সূত্র জানায়, শুনানি মুলতবির আবেদনে প্রস্তুতির জন্য আট সপ্তাহ সময় চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, মামলাটি গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে অনেক সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে। ইতিমধ্যে সরকার লিভ টু আপিল প্রত্যাহার করেছে। এ ছাড়া হাইকোর্টের রায়ে স্থগিতাদেশও নেই। ফলে কোনো পক্ষের সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই।২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট এক রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। অবশ্য ওই সময়ের সরকারের জনস্বার্থে করা বেশ কিছু আইনি কাজকে মওকুফ করা হয়। চারদলীয় জোট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন রাতেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই রায় স্থগিত করেন। গত বছরের ৩ মে সরকার লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। এর পর ২৫ মে বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।