লিভ টু আপিলসহ খালেদার চার আবেদন
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ সোমবার পৃথক লিভ টু আপিল করা হয়েছে।
একই সঙ্গে দুটির মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা খালেদা জিয়ার দুটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধেও দুটি আবেদন (সিএমপি) করা হয়েছে।
আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবীরা এসব আবেদন করেন। এই দুই মামলায় আগামী বুধবার নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
লিভ টু আপিল করার বিষয়টি জানিয়ে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ২৩ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্ট। নিম্ন আদালতের ওই আদেশ বাতিল চেয়ে এর বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়েছে। শুনানির জন্য এখন পদক্ষেপ নেওয়া হবে।
অপর দুটি আবেদনের বিষয়ে আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, ১৯ জুন দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত ও মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন দুটি করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে আবেদন উপস্থাপন করা হবে।
অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করে হাইকোর্ট আদেশ দেন। দুটির মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা খালেদা জিয়ার করা দুটি রিট ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়।
১৯ মার্চ ওই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের ক্ষেত্রে খালেদা জিয়াকে দোষী কি নির্দোষ, জিজ্ঞাসা করা হয়নি—এমন দাবি করে ওই আদেশ বাতিল চেয়ে ১৩ এপ্রিল হাইকোর্টে (রিভিশন) আবেদন করেছিলেন খালেদা জিয়া।
আজ করা লিভ টু আপিলে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ২৪১(১) অনুসারে খালেদা জিয়া মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি না করেই অভিযোগ গঠন করা হয়। এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে হাইকোর্টে তা খারিজ হয়। হাইকোর্টের আদেশ আইন অনুযায়ী সঠিক ছিল না।
রিভিশন আবেদন খারিজ হওয়ার পর মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে খালেদা জিয়া দুটি রিট করেন। প্রাথমিক শুনানির পর ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। এক বিচারপতি মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন। অপর বিচারপতি আবেদন দুটি খারিজ করে দেন। এরপর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠান। দুই দিন শুনানি শেষে ১৯ জুন হাইকোর্টের একক বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করে আদেশ দেন।
মাঝে ৭ মে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।