লিভ টু আপিলের ওপর আদেশ ১১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) ওপর ১১ জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল রোববার শুনানি গ্রহণের পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি হিসেবে আনিসুল হক শুনানি করেন।শুনানির বিষয়ে আনিসুল হক পরে সাংবাদিকদের বলেন, কারাগারে চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায় বিকৃত। ওই রায় যে বিকৃত তা প্রমাণ করার জন্যই লিভ টু আপিল মঞ্জুর করা উচিত। তিনি বলেন, ‘চার নেতাকে হত্যার ষড়যন্ত্র হয় বঙ্গভবনে। ষড়যন্ত্রের পর তা বাস্তবায়নের জন্য পাঁচজনকে নিযুক্ত করা হয়। বঙ্গভবন থেকে জানানো হয়, মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে কারাগারের ভেতরে যেতে দেওয়া হোক।’মাহবুবে আলম বলেন, নিম্ন আদালতের রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্ট ওই তিনজনের মধ্যে রিসালদার মোসলেহ উদ্দিনের ওই দণ্ড বহাল রাখেন, অন্যদের খালাস দেন। ঘটনা বিশ্লেষণে তিনি একা নন, অন্যরাও হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন। বঙ্গভবন ও কারাগারের কর্মকর্তা-কর্মচারী এবং খেদমতগারদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে। আদালত বিস্তারিত শুনানির পর পরশু (১১ জানুয়ারি) আদেশের দিন ধার্য করেছেন।প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।