লিভ টু আপিলের ওপর শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর আজ মঙ্গলবার শুনানি হবে। চারজনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।গত ১৭ জানুয়ারি বিএনপির মহাসচিবসহ চারজন লিভ টু আপিল শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি চেয়ে পৃথক আবেদন করেছিলেন।আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি মুলতবি করে কাল (মঙ্গলবার) লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেন। মুলতবি আবেদন নিয়ে শুনানি: গতকাল সকালে শুনানিতে খোন্দকার দেলোয়ারের আইনজীবী টি এইচ খান প্রস্তুতির জন্য আট সপ্তাহ শুনানি মুলতবির আবেদন জানান। একই আরজি জানান লিভ টু আপিলকারী সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাজনৈতিক কারণে শুনানি বিলম্বিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে লিভ টু আপিল প্রত্যাহারের জন্য সরকারকে এক বছর অপেক্ষা করতে হয়েছে।আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা অনেক কষ্ট করে পেপারবুক তৈরি করছেন। শুনানি করতে সমস্যা নেই, হাইকোর্টের রায় পড়া শুরু হতে পারে। জবাবে মওদুদ আহমদ বলেন, জোর করে কি শুনানি করতে চান? শুনানির প্রস্তুতি নেই। আদালত বলেন, হাইকোর্টের রায় পড়তে দুই-তিন দিন সময় লাগবে। মওদুদ বলেন, প্রস্তুতির জন্য আট সপ্তাহ সময় প্রয়োজন। আদালত বলেন, মূল যুক্তি-তর্ক উপস্থাপনের সময় প্রস্তুতির জন্য প্রয়োজনে নিশ্চয়ই সময় দেওয়া হবে। এখন তো হাইকোর্টের রায়টি উপস্থাপন করবেন, পড়া শুরু হতে পারে। অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, রায় পড়া শুরু হতে পারে। উনারা শুরু করতে না চাইলে সরকারপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের কেউ পাঠ করতে পারেন। এ পর্যায়ে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।উভয়পক্ষের বক্তব্য: আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে মোশতাক, সায়েম ও জিয়ার ক্ষমতা দখল সংবিধানবহির্ভূত ঘোষণা করা হয়েছিল। তাঁদের ক্ষমতা দখল ছিল অবৈধ। এটিই তাঁদের মাথাব্যথার কারণ।দেলোয়ারের আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, শুনানি মুলতবির আবেদন করেছিলাম। কারণ রায়ে অকারণে ৩০-৪০টি যুক্তি টেনে আনা হয়েছে। কোনটি কতটুকু গ্রহণযোগ্য তা চর্চা করে বের করতে হবে। আমরা সময় চাওয়ায় অ্যাটর্নি জেনারেল আপত্তি জানিয়েছেন। তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ সাংবাদিকদের বলেন, ‘আদালত শুনতে চেয়েছেন। আমরা বলেছি, প্রস্তুত নই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থগিতাদেশ চেয়ে আবেদনের শুনানি হয়নি।