পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ চতুর্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ আবার শুনানি হবে। গতকাল শুনানিতে অংশ নেন লিভ টু আপিলকারী তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ। তিনি বলেন, এটি একটি সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলা। এ মামলায় বিস্তারিত শুনানি প্রয়োজন। তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি আমাদের কথা শুনতে না চান, তাহলে আমরা চলে যাই।শুনানিতে মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক বিষয় নিষ্পত্তি করবে সংসদ। এ মামলায় রাজনৈতিক ইস্যু আদালতে টেনে আনা হয়েছে। আদালতের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত হয়নি। এই রায় দিতে গিয়ে হাইকোর্ট আইন প্রণয়ন করেছে। কিন্তু আইন প্রণয়নের কোনো এখতিয়ার হাইকোর্টের নেই। এটা সংসদের এখতিয়ার। তিনি আরও বলেন, পঞ্চম সংশোধনীর রায়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি বলা হয়েছে—এটি ঠিক নয়। আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল চেতনা ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ছিল না। ছয় দফা, ১১ দফা ও স্বাধীনতার ঘোষণাপত্রের কোথাও ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের কথা ছিল না। এ সময় লিভ টু আপিল দায়েরকারী বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আইনজীবী টি এইচ খান ও মোহাম্মদ আহসান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইনজীবী মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করেন। ওই দিনই রাতে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন।