জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর আজ শুনানি হওয়ার কথা। গত ৯ নভেম্বর শুনানি গ্রহণের পর আদালত ৬ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।গতকাল বিকেলে আজ সোমবারের জন্য প্রকাশিত আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ‘রাষ্ট্র বনাম দফাদার মারফত আলী শাহ এবং অন্যান্য’ শিরোনামে বিষয়টি শুনানির জন্য ২ নম্বর ক্রমিকে রয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির জন্য বিষয়টি তালিকায় রয়েছে।১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেম উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অপর আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। এক বছর পর ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের আরজি জানালে আদালত ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। এরই মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় তাঁদের ফাঁসি কার্যকর হয়েছে।