লিভ টু আপিলের শুনানি শুরু পুনর্বিচার চেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিনে হত্যাকাণ্ডের পুনর্বিচার চেয়েছে রাষ্ট্রপক্ষ। জেলহত্যা মামলায় হত্যা ও হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগে সাজা হলেও ষড়যন্ত্রের অভিযোগে কারও সাজা হয়নি—এমন যুক্তি দিয়ে গতকাল রোববার পুনর্বিচারের দাবি জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ গতকাল প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। শুনানি মুলতবি করে আদালত কাল মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন। এ দিন শুনানিতে মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বিচার-প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা ও নানা প্রতিবন্ধকতা তুলে ধরে লিভ টু আপিল মঞ্জুরের আবেদন জানান।২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট জেলহত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেন নিম্ন আদালত। অব্যাহতি পান অপর চার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে পৃথক পাঁচটি লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এক বছর পর ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের আবেদন জানালে আদালত ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতিপ্রাপ্ত চারজন হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় তাঁদের ফাঁসি কার্যকর হয়েছে।গতকাল সকাল নয়টা ৪০ মিনিটে শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ মামলায় অনেকেই অভিযুক্ত ছিলেন। বিচারিক আদালত এঁদের অনেককে খালাস দেন। হাইকোর্ট একজনের সাজা বহাল রাখেন।এ পর্যায়ে আনিসুল হক বলেন, ‘এ মামলায় তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ছিলেন। তাঁদের প্রভাবে সুষ্ঠু বিচার হয়নি। তাই পদত্যাগও করেছিলাম।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র ছিল। বিচার ও রায় হয়েছে, তবে ন্যায়বিচার পাওয়া যায়নি। বঙ্গভবনের নির্দেশে সব হয়েছে। তাই এর পুনর্বিচার চাই।’ মামলার বাদী কাজী আবদুল আউয়াল, সাখাওয়াত হোসেন ও কাইয়ুম চৌধুরীর সাক্ষ্য পর্যালোচনা করে তিনি বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন, নূরুল ইসলাম মঞ্জুর ও খায়রুজ্জামান ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা মোশতাকের ঘনিষ্ঠ ছিলেন। পুনর্বিচার হলে এর পেছনে কারা ছিলেন, কারা বঙ্গভবনে ছিলেন, কারা জেলখানায় গেছেন ও কার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে—সব পরিষ্কার হবে। সাক্ষীদের বক্তব্য উপস্থাপনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, এতে সন্দেহ নেই বঙ্গভবনে ষড়যন্ত্র হয়েছে। তবে এর সপক্ষে নথিপত্র লাগবে। আগামীকাল মঙ্গলবার শুনানি হবে।সংবাদ ব্রিফিং: আদালত থেকে বেরিয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এ মামলায় তিনটি অভিযোগ ছিল। হত্যায় অংশগ্রহণ, হত্যাকাণ্ডে সহায়তা ও ষড়যন্ত্র। ষড়যন্ত্রের অভিযোগ থেকে সবাইকে খালাস দেওয়া হয়েছে। এ কারণে আমরা সংক্ষুব্ধ। এ ছাড়া আরও একটি কারণ হচ্ছে, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছেন। এ দুটি বিষয় আমরা আপিল বিভাগের সামনে উত্থাপন করেছি। রাত তিনটায় কারাগারে প্রবেশ করে হত্যাকাণ্ড নিয়ে আদালত বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি বিচারের জন্য নিম্ন আদালতে পাঠানোর আবেদন জানানো হয়েছে।’