লিভ টু আপিলের শুনানি ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) শুনানি আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন শুনানির পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ শুনানি মুলতবি করেন। একই সঙ্গে বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার হয়েছে—রাষ্ট্রপক্ষের এ বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ এ সময়ের মধ্যে পেশ করতে মৌখিকভাবে বলা হয়েছে।সকাল নয়টা ২০ মিনিটে শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পুনর্বিচার দাবি করে বলেন, এ মামলায় ঘটনা বিকৃত করা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। এ সময় আদালত বলেন, পুনর্বিচারের জন্য পাঠানো হলে ইতিপূর্বে দেওয়া রায় এবং আসামিদের সাজা বাতিল হয়ে যাবে।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক বলেন, বঙ্গভবনে ষড়যন্ত্র হয়েছে। আর ষড়যন্ত্রের ফলে জেলখানায় হত্যাকাণ্ড ঘটেছে। সাক্ষীদের বক্তব্য অনুসারে মোশতাকের সঙ্গে অন্যরা ষড়যন্ত্রে অংশ নেন। সাক্ষীর বক্তব্যে কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন ও তাহেরউদ্দিন ঠাকুরসহ চারজনের নাম এসেছে। বিচারপর্যায়ে এ মামলায় প্রভাব বিস্তার করা হয়েছে। আদালত বলেন, ‘এর নথিপত্র থাকলে আমাদের তা দেখান।’ জবাবে আনিসুল হক বলেন, ‘ওই পরিস্থিতির কারণে আমি ২০০৪ সালের ২৪ মার্চ পদত্যাগও করেছিলাম। কেন পদত্যাগ করেছি, তা-ও বলেছি।’আনিসুল হকের উদ্দেশে আদালত বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানান। সন্তুষ্ট না হয়ে আমরা বিশেষ আদেশ (এক্সট্রা-অর্ডিনারি অর্ডার) দিতে পারি না।’ সকাল নয়টা ৪০ মিনিটে আদালত ৬ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ সময় জাতীয় চার নেতার মধ্যে এম মনসুর আলীর ছেলে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম আদালতে উপস্থিত ছিলেন।আদালত থেকে বেরিয়ে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘নিম্ন আদালতে এ মামলায় আমরা বিচার পাইনি। বিচারে তখনকার সরকার প্রভাব বিস্তার করেছে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী এ বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত দিতে পারে। তবে সাক্ষ্য-প্রমাণ দেখাতে হবে। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের বিরুদ্ধে আমরা কী পদক্ষেপ নিয়েছিলাম, তা জানাতে বলা হয়েছে। এসব নথিপত্র দেখাতে হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল পুনর্বিচার দাবি করেছেন। কেন পুর্নবিচার চাচ্ছি, তা-ও দেখাতে হবে।’উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।