লিমন আরও দুই দিন পঙ্গু হাসপাতালে থাকছে
র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে তার বাবার অনুরোধে শনিবার পর্যন্ত পঙ্গু হাসপাতালে রাখছে কর্তৃপক্ষ।লিমনের বাবা তোফাজ্জল হোসেন বলেন, লিমনের কাটা পায়ের ক্ষত শুকিয়েছে। এ জন্য পঙ্গু হাসপাতাল থেকে তাকে গতকাল বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়ার কথা ছিল। লিমনের ফিজিওথেরাপির জন্য তার ঢাকায় থাকা প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র এ ব্যাপারে সাহায্য করার আশ্বাস দিয়েছে।তোফাজ্জল হোসেন বলেন, চিকিৎসা ও নিরাপত্তার কথা চিন্তা করে লিমনকে গ্রামের বাড়িতে নিচ্ছেন না। এ ছাড়া গ্রামে নিলে র্যাবের সোর্সরা লিমনের ক্ষতি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকায় তাঁদের থাকার কোনো ব্যবস্থা নেই। এ কারণে তিনি গতকাল চিকিৎসক মোফাখখারুল বারীর কাছে লিমনকে আরও কয়েক দিন হাসপাতালে রাখার জন্য অনুরোধ জানান। চিকিৎসক মোফাখখারুল বারী সাংবাদিকদের বলেন, লিমনকে গতকালই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ছিল। পরে তার বাবার আবেদনের কারণে দুই দিন পর ছাড়পত্র দেওয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি লিমনের চিকিৎসাসংক্রান্ত যে কাগজপত্র চেয়েছিল, তা তৈরি করে পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে বলে মোফাখখারুল বারী জানান।