লিমন ও তার পরিবারকে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবি
র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন ও তার পরিবারের জীবন বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ঈদের দিন লিমন ও তার মায়ের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সংগঠন দুটি বলেছে, লিমন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার করতে হবে।এদিকে লিমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার জীবনের নিরাপত্তার দাবিতে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন বিভিন্ন যুব ও ছাত্রসংগঠনের নেতারা।গতকাল শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চার এক বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতায় হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। এতে এসব প্রতিষ্ঠানের ওপর জনগণ আস্থা হারাচ্ছে। এর আগে লিমনের মায়ের করা মামলায় চূড়ান্ত পুলিশি প্রতিবেদনে অভিযুক্ত ছয়জন র্যাব সদস্যকে রেহাই দেওয়া হয়। গুলিবিদ্ধ হয়ে লিমনের পঙ্গু হওয়া একটি সত্য ঘটনা এবং পুলিশের দায়িত্ব হলো, কারা এই গুলির ঘটনা ঘটিয়েছে তা বের করা। কিন্তু পুলিশ সে দায়িত্ব পালন না করে এমনভাবে প্রতিবেদন দিয়েছে, যাতে স্পষ্ট বোঝা যায়, পুলিশের মূল আগ্রহ অভিযুক্ত র্যাব সদস্যদের রেহাই দেওয়া। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল হক, মোশরেফা মিশু প্রমুখ এ বিবৃতি দেন।পৃথক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, লিমনের ওপর গুলিবর্ষণের ঘটনা এবং সম্প্রতি তার ওপর হামলা ষড়যন্ত্রমূলক। এটা একজন নিরপরাধ নাগরিকের নিরাপত্তা বিধানে আইন প্রয়োগকারী সংস্থার নির্লজ্জ ব্যর্থতার দৃষ্টান্ত। তিনি বলেন, র্যাব ও পুলিশকে আইন প্রয়োগের মাধ্যমে মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাদের হাতে লিমনের মতো সাধারণ নাগরিকের ওপর নৃশংস হামলা ও সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেওয়ার ঘটনা দেশবাসীর মনে গভীর ক্ষোভ তৈরি করেছে। দেশের মানুষ চায়, সরকার কারও প্রতি ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে লিমনের প্রতি সুবিচার নিশ্চিত করবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দৃষ্টান্ত দেখাবে।গত বছরের মার্চে র্যাবের গুলিতে পঙ্গু হওয়া এইচএসসি পরীক্ষার্থী লিমন নিরাপত্তার কারণে নিজ বাড়ি ছেড়ে কাউখালী উপজেলায় তার কলেজের কাছে একটি ভাড়াবাড়িতে থাকে। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ২০ আগস্ট সে বাড়ি যায়। ওই দিন বিকেলে সে আবার কাউখালী ফিরছিল। তার মা, ভাই ও খালারা তাকে এগিয়ে দিচ্ছিলেন, এ সময় তাঁদের ওপর হামলা চালায় এলাকায় ‘র্যাবের সোর্স’ হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার। ইব্রাহীম লিমনের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলার অন্যতম সাক্ষী। ওই দিন ঘটনাস্থলের অদূরে ইব্রাহীমের শ্যালক মো. ফোরকান হাওলাদার হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুই দিন পর ইব্রাহীম তাঁর শ্যালককে হত্যার অভিযোগ এনে লিমনের মা, বাবা, ভাই, মামাসহ ১০ জনকে আসামি করে ঝালকাঠির আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য রাজাপুর থানাকে নির্দেশ দেন।