লিমন ছাড়া পাচ্ছে কাল চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে আগামীকাল জাতীয় পুনর্বাসন প্রতিষ্ঠান ও অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসক জানিয়েছেন, লিমনের পা শুকিয়ে গেছে। গতকাল মঙ্গলবার লিমনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর পঙ্গু হাসপাতালে গেলে লিমনের চিকিৎসক হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মোফাখখারুল বারী এ কথা বলেন। এ সময় জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। চিকিৎসক মোফাখখারুল বারী সাংবাদিকদের সামনে তদন্ত কমিটির প্রধানকে বলেন, ‘লিমনের আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই। ২ জুন তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা তাকে অন্যান্য রোগীর চেয়ে অতিরিক্ত সুযোগ-সুবিধা দিয়েছি। ওর পায়ের ক্ষত সম্পূর্ণ শুকিয়ে গেছে। ফিজিওথেরাপি ছাড়া আর কোনো চিকিৎসা আপাতত দরকার নেই।’মোফাখখারুল বারী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আড়াই-তিন মাস পর লিমনের কৃত্রিম পা লাগানো যাবে। সিডিডি নামের একটি বেসরকারি সংস্থা ওর কৃত্রিম পা তৈরি এবং লাগানোর দায়িত্ব নিয়েছে। এ পর্যায়ে তিনি বলেন, ‘লিমনের মতো অন্যান্য পা হারানো রোগীর যদি তারা (সিডিডি) পা লাগিয়ে দিত তাহলে আমরা খুশি হতাম।’ চিকিৎসকের সাক্ষ্য: গতকাল বেলা আড়াইটার দিকে তদন্ত কমিটির প্রধান মো. শওকত আকবর চিকিৎসক মোফাখখারুল বারীর সাক্ষ্য নেওয়ার জন্য তাঁর কক্ষে যান। তিনি প্রায় ৩০ মিনিট চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তবে প্রথম ১৫ মিনিট একান্তে কথা বলার পর সাংবাদিকেরা সেখানে উপস্থিত হন।কোন পরিস্থিতিতে লিমনের পা কাটতে হলো, তদন্ত কমিটির প্রধানের এ প্রশ্নের জবাবে ডা. বারী বলেন, ‘জীবন বাঁচানোর জন্যই তার পা কেটে ফেলতে হয়। যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি কোনো অঙ্গ না কাটার জন্য। কিন্তু যখন কোনো উপায় থাকে না, তখনই কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।’ এর আগে এক্স-রে বা অন্যান্য ডাক্তারি পরীক্ষা করা হয়েছিল কি না, জানতে চাইলে চিকিৎসক বলেন, প্রয়োজনীয় সব পরীক্ষাই করা হয়েছে।তদন্ত কর্মকর্তা জানতে চান, পা কাটার ক্ষেত্রে সিদ্ধান্তটা কীভাবে নেওয়া হয়? ডা. বারী বলেন, ‘কোনো অঙ্গ কেটে ফেলার আগে রক্ত দিতে হলে তা দেওয়া হয়, ফ্লুইড দেওয়া হয়। এরপর রোগী একটু শক্ত-সমর্থ হলে কেটে ফেলা হয়।’তদন্ত কর্মকর্তা জানতে চান, তার আগে তো সিদ্ধান্ত নিতে হয়। দেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের (পঙ্গু হাসপাতাল) চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান কি আছে? মানে দ্বিতীয় কোনো মত গ্রহণের সুযোগ ছিল কি না? জবাবে চিকিৎসক বলেন, ‘যেকোনো সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকই এ সিদ্ধান্ত নিতে পারেন। তবে এ জাতীয় রোগীর ক্ষেত্রে পঙ্গু হাসপাতালই শীর্ষে বলা যায়।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে শওকত আকবর বলেন, ‘লিমনের পঙ্গু হাসপাতালে ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বর্ণনাসহ একটি চিকিৎসা সনদপত্র নেওয়ার জন্যই মূলত আমি হাসপাতালে এসেছি। চিকিৎসকদের কাছে আমি জানতে চেয়েছি, লিমন কী অবস্থায় হাসপাতালে এসেছিল, বর্তমানে কী অবস্থায় আছে এবং ভবিষ্যতে ওর কী ধরনের চিকিৎসাসেবার প্রয়োজন আছে।’উচ্চ আদালতের নির্দেশে গত ১০ মে উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় দফায় লিমনকে সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারীর অধীনে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।গত ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সাত দিনের সময় বাড়ান। গতকাল ৩১ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান শওকত আকবর বলেন, ‘মন্ত্রণালয় সাত কর্মদিবস সময় বাড়িয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ব্যক্তির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমি আমার তদন্ত কাছ প্রায় শেষ করে এনেছি। আপাতত সময় বাড়ানোর মতো কোনো কারণ দেখছি না।’সরকারের একজন উপদেষ্টা বলেছেন লিমন সন্ত্রাসী, র্যাবের তদন্ত কমিটি বলেছে, লিমনের পুরো পরিবার সন্ত্রাসী। এ অবস্থায় আপনার তদন্তে নতুন কিছু জানা সম্ভব হবে কি না, এ প্রশ্নের জবাবে শওকত আকবর বলেন, ‘একটু অপেক্ষা করুন, সবকিছু জানতে পারবেন, আমি প্রায় গুছিয়ে এনেছি।’ বেলা তিনটায় তদন্ত কমিটির প্রধান শওকত আকবর ও চিকিৎসক মোফাখখারুল বারী লিমনকে দেখতে হাসপাতালের তৃতীয় তলার ইএফ ওয়ার্ডে যান। তাঁরা লিমনের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তদন্ত কমিটির প্রধান হাসপাতাল ত্যাগ করেন।