লিমন বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত চায় অ্যামনেস্টি
র্যাবের গুলিতে লিমনের পঙ্গু হওয়ার ঘটনার সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচির উপপরিচালক মাধু মালহোত্রা গতকাল বুধবার লিমনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।গতকাল বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র লিমনকে দেখতে যায় অ্যামনেস্টির প্রতিনিধিদল। মাধু মালহোত্রার সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন অ্যামনেস্টির গবেষক অ্যান্ড্রু অ্যারুইটি এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মো. নূর খান। তাঁরা লিমনের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। মাধু মালহোত্রা লিমনের সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলেন। এ সময় উপস্থিত গণমাধ্যমের কর্মীদের মাধু মালহোত্রা বলেন, তাঁরা জানতে পেরেছেন, লিমনের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি তদন্ত হয়েছে। কিন্তু তাতে বৈপরীত্য আছে। তিনি এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।অ্যামনেস্টির এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে এ ধরনের শত শত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে। শত শত পরিবার ন্যায়বিচারের আশায় আছে। তাঁর মতে, র্যাবের কর্মকাণ্ড নিয়ে সরকারের ওপর জনগণের অনাস্থা-অবিশ্বাস তৈরি হয়েছে।