লিমন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বদলের দাবি
লিমন মিশ্র হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে বদল করে নতুন নিরপেক্ষ একজনকে নিয়োগের দাবি করেছে সচেতন দিনাজপুরবাসী। গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত লিমনের স্ত্রী ইন্দু মিশ্র, বাবা ফণী মিশ্র, মা শংকরী মিশ্র, ইন্দুর বাবা জ্যোতির্ময় ব্যানার্জি, দিনাজপুর মহিলা পরিষদ সভানেত্রী আজাদী হাই, কানিজ রহমান, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান, ভোলানাথ ব্যানার্জি, চিত্ত ঘোষ, মঈন উদ্দিন চিশতী, অনুপ কুমার দে, আশীষ কুমার দত্ত প্রমুখ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক পরিমল চক্রবর্তী। এতে অভিযোগ করা হয়, পুলিশ সুমন প্রসাদ নামে একজন আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু প্রধান আসামি অজয় শীলসহ সাতজনকে ঘটনার ১৮ দিন পরও ধরতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে খুনিদের যোগাযোগ আছে। এ অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা দরকার।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, ‘লিমন হত্যাকারীদের সঙ্গে আমার যোগাযোগ থাকার অভিযোগ ঠিক নয়। আসামিরা সকলে গা ঢাকা দিয়েছে।’৪ মে দিনাজপুর শহরের লিলি সিনেমার মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লিমন নিহত হন। এ ব্যাপারে তাঁর বাবা আটজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।