লিমনকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) করা অস্ত্র মামলা থেকে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এ লিমনকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান। এর পরিপ্রেক্ষিতে বিচারক কিরণ শঙ্কর হালদার অব্যাহতির আদেশ দেন। গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছায়। জেলা প্রশাসক মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিপি আবদুল মান্নানকে অনুরোধ করেন। ২১ জুলাই সংশ্লিষ্ট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন পিপি। ওই আবেদনের ওপর ভিত্তি করে আদালত গতকাল শুনানি গ্রহণ ও আদেশ দেন। শুনানির সময় আদালতে লিমনের আইনজীবী নাসির উদ্দিন, নাসিমুল হাসান, মানিক আচার্য্য ও আক্কাস সিকদার উপস্থিত ছিলেন। লিমন কৃত্রিম পায়ে আদালতের কাঠগড়ায় এবং তাঁর মা হেনোয়ারা বেগম আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন । অস্ত্র মামলা থেকে অব্যাহতি পেলেও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা অপর মামলা থেকে এখনো অব্যাহতি পাননি লিমন। এ ব্যাপারে পিপি আবদুল মান্নান বলেন, এ মামলাটি ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন। কিন্তু মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত বিচারক মো. শাহীদুল ইসলামের এখতিয়ার না থাকায় সরকারি কাজে বাধাদানের মামলা থেকে লিমনকে অব্যাহতির আদেশ দিতে পারেননি। লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে যে মামলা করছি হেয়া তুলমো না। যারা আমার পোলারে গুলি কইরর‌্যা পঙ্গু করছে, হেই র‌্যাবদের বিচারের কাঠগড়ায় তোলার জন্য চেষ্টা চালিয়ে যাব।’ ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে বাড়ির কাছে মাঠে গরু আনতে গেলে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দার ভেবে একাদশ শ্রেণীর ছাত্র লিমনকে ধরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে র‌্যাব। এ কারণে লিমনের পা কেটে ফেলতে হয়।
এরপর বাদী হয়ে লিমনসহ আটজনের নামে রাজাপুর থানায় দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে, অন্যটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে লিমনের মা হেনোয়ারা বেগম তার ছেলেকে হত্যা প্রচেষ্টার অভিযোগে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ এ মামলায় র‌্যাব সদস্যদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দায়ের করে। এই প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা বেগম নারাজি আবেদন করলে তা-ও খারিজ করে দেন আদালত। নারাজি খারিজের বিরুদ্ধে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন হেনোয়ারা বেগম। আগামী ১৩ আগস্ট রিভিশনের শুনানি হবে।