ঝালকাঠির তরুণ লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া ও এর জন্য দায়ী র্যাব সদস্যদের বিচারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘বাংলাদেশ: আহত শিশুর পক্ষে বিচার নেই’—শীর্ষক শিরোনামে গত সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি ওই আহ্বান জানায় নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, অবশেষে বাংলাদেশ কর্তৃপক্ষ লিমনের বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তাঁর ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
র্যাবের গুলিতে পা হারানো কিশোর লিমন তাঁর বিরুদ্ধে করা সব মামলা থেকে গত বৃহস্পতিবার অব্যাহতি পেয়েছেন। ফলে এখন তিনি মামলামুক্ত। এত দিন ধরে মামলার বোঝা নিয়ে লিমন যে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলেন, তা থেকেও মুক্ত হন তিনি।
বিবৃতিতে এইচআরডব্লিউয়ের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যার্যাড অ্যাডামস বলেন, ‘এটা ভালো ঘটনা যে কর্তৃপক্ষ শেষমেশ লিমনের ওপর থেকে মিথ্যা অভিযোগ তুলে নিয়েছে। কিন্তু তাঁকে প্রথমেই অভিযুক্ত করা কখনো ঠিক হয়নি। যেসব র্যাব সদস্য লিমনকে গুলি করেছেন, যাতে তাঁকে চিরতরে পঙ্গু হতে হয়েছে, তাঁদের বিরুদ্ধে সরকারের উচিত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি যাঁরা তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে তাঁকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছেন, তাঁদের বিরুদ্ধেও দরকার ব্যবস্থা গ্রহণ করা।’
এইচআরডব্লিউয়ের ভাষ্য, লিমনকে গুলি করার ঘটনার পর র্যাবের সে সময়ের মহাপরিচালক (ডিজি) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, র্যাব ও অপরাধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে গুলিবিনিময়কালে দুর্ঘটনার শিকার হন লিমন।
এইচআরডব্লিউর অভিযোগ, ওই ঘটনার পর (লিমন গুলিবিদ্ধ হন ২০১১ সালের ২৩ মার্চ) স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ক্ষোভের মুখে ২০১১ সালের জুনে ঘটনায় জড়িত র্যাব সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় চলা তদন্তের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে লিমনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ ঘোষণা সত্ত্বেও সরকার চার ঘণ্টার মধ্যেই বিবৃতিটি কোনো ব্যাখ্যা ছাড়া প্রত্যাহার করে নেয়।
র্যাব বিলুপ্ত করতে নিজেদের আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে এইচআরডব্লিউয়ের বিবৃতিতে বলা হয়, র্যাব থেকে সব সেনা প্রত্যাহার করে একে পুরোপুরি এক বেসামরিক বাহিনীতে রূপান্তর করা উচিত। ‘র্যাব একটা ঘাতক বাহিনী, যার সংস্কার সম্ভব নয়’ বলেও দাবি করা হয় বিবৃতিতে।
গত ১৮ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্যরা র্যাব কর্তৃক গুম, খুন ও আইন লঙ্ঘনের অন্যান্য ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।